দেবীলাল মাহাতো, আড়শা:
অবৈধ চোলাই মদ বিক্রি রুখতে আবার পথে নামলেন আড়শা ব্লকের মহিলারা। সোমবার আড়শা ব্লকের মানকিয়ারি গ্রাম পঞ্চায়েতের বড়াম গ্রামের পাঁচ শতাধিক মহিলা অবৈধ চোলাই মদ বিক্রি রুখতে গ্রামে মিছিল করেন। সেই সঙ্গে ওই মহিলারা রীতিমতো টোটো ভাড়া করে মাইকিং করে জানিয়ে দেন, গ্রামে মদ বিক্রি করলে ৫ হাজার টাকা ও মদ খেলে ১ হাজার টাকা জরিমানার।
মিছিলে অংশ নেওয়া মহিলাদের দাবি, এলাকায় দিনের পর দিন বেড়ে চলেছে চোলাই মদ বিক্রি । বেশিরভাগ মানুষ দিনমজুর করে সংসার চালান। রোজগারের বেশিরভাগ টাকা চলে যাচ্ছে মদের ঠেকে। মদ খেয়ে সংসারে অশান্তি বাড়ছে। গ্রামের পরিবেশও নষ্ট হচ্ছে । বাধ্য হয়ে তারা পথে নেমেছেন। তাদের আরও অভিযোগ, প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও স্থায়ী সমাধান হয়নি।
প্রসঙ্গত এর আগে আড়শা ব্লকের চিতিডি গ্রামের বাসিন্দারা চোলাই মদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। মদ খেলে জরিমানার কথাও বলেছিলেন। তারপরে বামুনডিহা গ্রামের মহিলারা চোলাই মদের বিরুদ্ধে পথে নামেন। পথে নামেন সেনাবনা , আহাড়রা, গন্ধ বাজার, জামবাদ গ্রামের মহিলারা। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাত জানান, “চোলাই মদের বিরুদ্ধে জেলার বিভিন্ন গ্রামের মহিলারা যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তাদের প্রতিবাদকে কুর্নিশ জানাই। আমরা তাদের পাশে আছি। সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে।”
আবগারি দপ্তরের এক আধিকারিক বলেন,অবৈধ মদ বিক্রি রুখতে নিয়মিত অভিযান চালানো হয়। ইতিমধ্যেই বেশ কয়েকটি অবৈধ মদ তৈরির কারখানা চিহ্নিত করে নষ্ট করা হয়েছে। এলাকায় নিয়মিত অভিযান চলছে।











Post Comment