নিজস্ব প্রতিনিধি, বোরো :
আসন্ন বাঁদনা পরবকে ঘিরে জঙ্গলমহলে শুরু হয়েছে উৎসবের আমেজ। সেই আনন্দে শামিল হতে এবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস এসটি সেলের উদ্যোগে বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো মানবাজার-২ ব্লকের কুমারী গ্রাম পঞ্চায়েতের ধান্দা শবর পাড়ায়।
এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস এসটি সেলের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য কলেন্দ্রনাথ মান্ডি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো সহ অন্যান্য অতিথিরা।
হংসেশ্বর মাহাতো জানান, “বাঁদনা পরব আমাদের জঙ্গলমহলের অন্যতম বড় উৎসব। এই সময় শবরসহ আদিবাসী সম্প্রদায়ের মানুষ নতুন বস্ত্র পরে গরুখুঁটা, গরয়া পুজো, দাঁদুড় খেদা ইত্যাদি আচার পালন করেন। কিন্তু অনেকে আর্থিক কারণে নতুন পোশাক কিনতে পারেন না। তাই তাদের মুখে হাসি ফোটাতে জেলা তৃণমূল এসটি সেলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় ৭৫ জন শবর সম্প্রদায়ের শিশু, মহিলা ও পুরুষের হাতে শাড়ি, লুঙ্গি, গেঞ্জি ও প্যান্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাজুড়ে বাঁদনা পরব জঙ্গলমহলের মানুষের কাছে আনন্দ ও ঐতিহ্যের প্রতীক হিসেবে উদযাপিত হয়।










Post Comment