নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
নিম্নচাপের ভারী বৃষ্টির পর শনিবার পুরুলিয়ায় কিছুটা কমল বর্ষার দাপট। জেলার অধিকাংশ ব্লকে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য। কোথাও আবার এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবার জেলাজুড়ে গড় বৃষ্টিপাত ছিল মাত্র ৭.৬৮ মিলিমিটার।
গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে পুরুলিয়াসহ দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী বৃষ্টি হচ্ছিল। কিন্তু শনিবার সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার থাকে। ফলে বৃষ্টির প্রকোপ হ্রাস পায়।
জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাতোয়াড়ায় – ২৭.২ মিলিমিটার। কাছাকাছি পরিমাণ বৃষ্টি হয়েছে নিতুড়িয়ায় – ২৬.৪ মিলিমিটার। এছাড়া সাঁতুড়িতে ১২.২ মিমি, পাড়ায় ১১.২ মিমি, কাশীপুরে ৭.৪ মিমি, বরাবাজারে ৫.০ মিমি, বলরামপুর ও হুড়ায় ৩.৪ মিমি করে বৃষ্টি হয়েছে।
পুঞ্চায় ২.৪ মিমি এবং বাঘমুন্ডিতে মাত্র ১.২ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে জয়পুর, ঝালদা ও মানবাজারে এক ফোঁটাও বৃষ্টি হয়নি।
তবে বৃষ্টির হ্রাস পাওয়া সত্ত্বেও তাপমাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভারী বর্ষণের সম্ভাবনা কম। তবে পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার নতুন নিম্নচাপের সৃষ্টি হলে পরিস্থিতি বদলাতে পারে।











Post Comment