নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
বর্ষা নামতেই জলজটে বিপর্যস্ত হয়ে উঠেছে পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের অন্তর্গত ঝালদা-দঁড়দা গ্রাম পঞ্চায়েতের পাটঝালদা গ্রাম। গ্রামে ঢোকার মূল রাস্তায় হাঁটু সমান জল জমে থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। নেই সুষ্ঠু নিকাশি ব্যবস্থাও।
স্থানীয় বাসিন্দা সুমন রজক, গঙ্গাধর বাউরি ও রুদ্র সংকর দেওঘরিয়া জানান, ‘‘প্রতিবছরই বর্ষাকালে একই সমস্যা দেখা দেয়। জল নিকাশির কোনও সুব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমে যায় এবং চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বহুবার প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি।’’

এই অবস্থায় আর প্রশাসনের ভরসায় না থেকে নিজেরাই রাস্তা ও নর্দমা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন গ্রামবাসীরা। বৃষ্টির মধ্যেই হাঁতুড়ি, কোদাল, গাঁইতি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে গ্রামের মানুষজন।
উল্লেখযোগ্যভাবে, এই রাস্তাটি পাট ঝালদা সহ আশপাশের একাধিক গ্রামের ঝালদা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ। ফলে রাস্তাটি অচল হয়ে পড়ায় বহু মানুষ কার্যত আটকে পড়েছেন। বিশেষ করে স্কুল পড়ুয়া, রোগী ও কর্মজীবীদের জন্য সমস্যার মাত্রা আরও বেড়েছে।
এই বিষয়ে ঝালদা দঁড়দা গ্রাম পঞ্চায়েতের সদস্য আপোষ রজক বলেন, ‘‘আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা এলাকা পরিদর্শনও করেছেন। কাজ হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই গ্রামের মানুষ নিজেরাই সংস্কারে নেমে পড়েছেন। আমি চেষ্টা করছি যাতে দ্রুত স্থায়ী সমাধান হয়।’’

গ্রামবাসীদের দাবি, প্রশাসনের উচিত দ্রুত হস্তক্ষেপ করে এলাকায় স্থায়ী নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা। যাতে প্রতি বছর বর্ষাকালে এমন দুর্ভোগের মুখে না পড়তে হয়।











Post Comment