দেবীলাল মাহাত, আড়শা:
পাগলা কুকুরের কামড়ে ত্রস্ত আড়শার মানুষ। গত ২৪ ঘন্টায় ২২ জনকে কামড়েছে পাগলা কুকুর। তাদের চিকিৎসা করা হয় সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । যার মধ্যে একজনের ক্ষত বেশি থাকায় তাকে স্থানান্তরিত করা হয় পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বাইশ জনকে কুকুরের কামড় খেয়ে সিরকবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হতে হয়েছে। শুধু আড়শা বাজার এলাকাই নয়, আড়শা ব্লকের চিতিডি, নয়ামোড়, পলপল এলাকার শিশু থেকে বয়স্করা আক্রান্ত হয়েছে কুকুরের দ্বারা। একসাথে এতজন আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। কুকুরের কামড়ে আক্রান্ত আড়শার বাসিন্দা সূর্যকান্ত কুমার বলেন,” পুকুরে স্নান করতে যাওয়ার সময় হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি এসে পায়ে কামড় দেয়।”
আড়শা গ্রামের বাসিন্দা সন্তোষ কুমার জানান, “এলাকায় পথকুকুরের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। এরই মধ্যে মঙ্গলবার থেকে চেনা কুকুরগুলি অচেনা আচরণ করতে শুরু করে দিয়েছে। কেন কুকুরগুলি হঠাৎ এমন খেপে উঠল, তা বুঝে উঠতে পারছি না। তবে এতজনকে কুকুর কামড়ানোর পরেও প্রশাসনের লোকজন এলাকায় না আসায় ক্ষোভ ছড়ায় ।”
মানকিয়ারী গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা চিতিডি গ্রামের বাসিন্দা যুধিষ্ঠির মাহাত জানান, “কুকুরের কামড়ে চিতিডি গ্রামের সাতজন আহত হয়েছেন । ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে । “
আড়শা ব্লকের সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বি,এম,ও,এইচ ডা:তনয় কৈবর্ত্য বলেন, “এখনও পর্যন্ত কুকুরের কামড়ে জখম ২২ জনের চিকিৎসা করা হয়েছে। একজনের ক্ষত অধিক থাকায় উন্নত চিকিৎসার তাকে স্থানান্তরিত করা হয় পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে। জলাতঙ্ক ঠেকাতে তাঁদের প্রত্যেককে প্রতিষেধক দেওয়া হবে। এখনও হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে প্রতিষেধক মজুত রয়েছে। “











Post Comment