নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
রেলের সিগন্যালের বক্স থেকে সিগন্যাল সামগ্রী চুরির ঘটনায় চাঞ্চল্য পুরুলিয়ায়। ঘটনার প্রেক্ষিতে রবিবার পুরুলিয়া আরপিএফ ও আদ্রা রেল পুলিশের স্পেশাল ফোর্স চার জনকে গ্রেফতার করে। গ্রেফতার করা হয়েছে রেলের চুরি যাওয়া সামগ্রী যে ব্যক্তি কিনেছিল তাকেও। ঘটনাটি ঘটে চলতি মাসের ৯ তারিখ পুরুলিয়া আদ্রা রেলপথে বাগালিয়া ও কুস্তাউর স্টেশনের মাঝামাঝি। একটি সিগন্যাল বক্স থেকে গুরুত্বপূর্ণ সিগন্যাল সামগ্রী চুরি করে ওই চার ব্যক্তি। ওই সামগ্রীর মাধ্যমে রেলের সিগনাল সঠিক রাখা হয়। তা চুরি যাওয়ার ফলে সমস্যায় পড়তে হয়েছিল রেলকে। লোকেশন ট্র্যাক করে তাদেরকে গ্রেফতার করে স্পেশাল ফোর্স। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম খেমানন্দ চিত্রকর, জিতেন চিত্রকর, রাধু চিত্রকর, ও ভৈরব কর্মকার। এরা সকলেই কাশিপুর থানা এলাকার বাসিন্দা। চুরি হওয়া সামগ্রী আরপিএফ উদ্ধার করেছে।ধৃতদের সোমবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হচ্ছে।
ধৃতরা চুক্তিভিত্তিক ভাবে রেলের দপ্তরে কাজ করতো বলেও রেল সূত্রে খবর। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। এর পিছনে কি শুধুই আর্থিক মুনাফা নাকি সাবোতাজ রয়েছে তদন্তে তাও খতিয়ে দেখা হচ্ছে।











Post Comment