নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে গেঙ্গাড়া প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার পালিত হল একটি বিশেষ সচেতনতা কর্মসূচি। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গেঙ্গাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা এবং স্থানীয় গ্রামবাসীরাও। সবার সম্মিলিত উদ্যোগে ‘ডেঙ্গু তাড়াও, সুস্থ থাকো’ বার্তা নিয়ে বের হয় এক বর্ণাঢ্য র্যালি, যা গেঙ্গাড়া গ্রাম পরিক্রমা করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার চক্রবর্তী জানান, শুধু মিছিলেই থেমে থাকেনি কর্মসূচি। গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার চালানো হয়েছে। ডেঙ্গুর উৎসস্থল যাতে না গড়ে ওঠে, সে জন্য আবর্জনা পরিষ্কার ও ড্রেনে ব্লিচিং ছড়ানোর কাজ করেন সকলে। এর পাশাপাশি বিদ্যালয় চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ডেঙ্গু প্রতিরোধের নানা দিক নিয়ে বিশদে আলোচনা করা হয়।
এই সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন গেঙ্গাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেল্থ অফিসার (সিএইচও) মালবিকা সিংহ রায়, স্বাস্থ্য সহায়িকা রম্ভাবতী মাহাতো, সিএইচএ ডলি মাহাতো, আশা কর্মী শান্তি মাহাতো, পূর্ণিমা মাহাতো ও মমতা সর্দার। এছাড়াও রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুন্দরা বাউরি এবং স্থানীয় বাসিন্দা রাঙা মাহাতো, বাসন্তী মাহাতো প্রমুখ এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সামগ্রিকভাবে, বিদ্যালয়ের পুঁথিগত পাঠ্যক্রমের বাইরে বেরিয়ে এই উদ্যোগ গ্রামীণ জনজীবনে স্বাস্থ্য সচেতনতাকে পৌঁছে দেওয়ার একটি সফল প্রয়াস বলে মনে করছেন সবাই।











Post Comment