নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
ট্রাক্টরের ধাক্কায় বাইক থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। ঘটনায় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাবা ও মা। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশিপুর থানার রাঙ্গুনিগোড়া মোড়ের অদূরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাজ্জাদ আনসারি। বাড়ি কাশিপুর থানার পাবড়া গ্রামে। এই ঘটনায় জখম হয়েছেন নজরুল আনসারি ও তার স্ত্রী সালেয়ান বিবি। নজরুলের চিকিৎসা চলছে কাশিপুরে কল্লোলী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। অন্যদিকে সালেয়ান বিবিকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এক আত্মীয়কে দেখে মোটরবাইকে স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন নজরুল। রাঙ্গুনিগোড়া ঢোকার মুখে একটি ট্রাক্টর তাদের মোটর বাইকটিকে ধাক্কা মারে। তিনজনেই রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত উদ্ধার করে কল্লোলী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আড়াই বছরের সাজ্জাদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারপরেই যান নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের দাবিতে শুরু হয় পথ অবরোধ ও বিক্ষোভ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ মুক্ত করে। পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে । একটি দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।










Post Comment