নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :
ঝাড়খণ্ডে কুড়মি সমাজের রেল অবরোধে কার্যত ভোগান্তির শিকার ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া। জেলার ভিতরে কোথাও অবরোধ না হলেও, পড়শি রাজ্যে অবরোধ চলার ফলে শনিবার সকাল থেকে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল, পথ পরিবর্তন ও সংক্ষিপ্ত রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল সূত্রে খবর, শনিবার সকাল পর্যন্ত আদ্রা ডিভিশনের ৮টি ট্রেন বাতিল, ৮টি ট্রেন সংক্ষিপ্ত রুটে এবং ৯টি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের একাধিক স্টেশনে অবরোধ চলার জেরে কোটশিলা স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় কার্যত নাকাল হতে হয় যাত্রীদের। ট্রেনের ভেতরে গাদাগাদি করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। স্টেশন চত্বরেও ভিড় জমে উঠেছে। অনেকেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। পুরুলিয়া লাগোয়া মুরি স্টেশনে অবরোধ করেছে কুড়মি সমাজ। অন্যদিকে চন্দ্রপুরা স্টেশনেও হয়েছে রেল টেকা। ফলে রাঁচি কোটশিলা – বোকারো- ধানবাদ ট্রেন রুট স্তব্ধ।
রেলযাত্রী ত্রিপদ গোস্বামীর কথায়, ‘‘সকাল থেকে আটকে আছি ট্রেনে। কোনও ঠিক নেই কখন ছাড়বে।’’ আরেক যাত্রী সাবির ইকবালের ক্ষোভ, ‘‘রাঁচি যাওয়ার কথা ছিলো। আনাড়া থেকে আসছি। কোটশিলা স্টেশনে আটকে পড়েছি। কী করব বুঝতে পারছি না।’’
তবে পুরুলিয়া জেলার ভিতরে কোথাও অবরোধ হয়নি। জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্টেশন ও রাস্তায় কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে। রেল পুলিশ ও জেলা পুলিশ দুই পক্ষই রয়েছে তৎপর।










Post Comment