নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
একদিকে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র হাইভোল্টেজ সভা, অন্যদিকে গ্যাসের জন্য গ্রাহকদের চরম ভোগান্তির ছবি সামনে এল ঝালদায়। শনিবার সকালে এখানকার ঝালদা গৃহলক্ষ্মী এইচপি গ্যাস এজেন্সি-র সামনে গ্যাস বুকিং ও সিলিন্ডার পাওয়ার আশায় বহু মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই গ্রাহকেরা বুকিং নিশ্চিত করা ও দ্রুত সিলিন্ডার পাওয়ার আশায় এজেন্সির সামনে ভিড় জমাতে শুরু করেন। ফলে কিছু সময়ের জন্য পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে।
গ্রাহক কৃষ্ণা গুপ্তা বলেন, “সকালে থেকেই লাইনে দাঁড়িয়ে আছি। সবাই বলছে গ্যাস নাকি কমে যাবে, তাই আগে থেকে বুকিং করতে এসেছি।”
ঝালদা গৃহলক্ষ্মী এইচপি গ্যাস এজেন্সির প্রতিনিধি সন্দীপ কর্মকার বলেন, “গ্যাসের কোনও ঘাটতি নেই। আগে যেমন নিয়মে সরবরাহ হত এখনও ঠিক সেভাবেই সিলিন্ডার দেওয়া হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই একসঙ্গে বুকিং করছেন, সেই কারণেই ভিড় বাড়ছে। গ্রাহকদের অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছি।”
এদিকে এজেন্সি কর্তৃপক্ষের দাবি, গ্যাসের কোনও ঘাটতি নেই। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই একসঙ্গে গ্যাস বুকিং করছেন। তার জেরেই এজেন্সির সামনে অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছে।









Post Comment